বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের পদ্ম পুরস্কারের প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। শিল্পকলা, সমাজসেবা, জনসেবা, বিজ্ঞান ও প্রকৌশল, চিকিৎসা, সাহিত্য, ক্রীড়া এবং সিভিল সার্ভিস—এই সব ক্ষেত্রেই এবার সম্মান জানানো হচ্ছে বিশিষ্ট ব্যক্তিদের।
শিল্পকলার ক্ষেত্রে প্রয়াত বলিউড কিংবদন্তি অভিনেতা ধমেন্দ্রকে মরণোত্তর পদ্ম বিভূষণ প্রদান করা হবে। ২০২৫ সালের নভেম্বরে তিনি মৃত্যুবরণ করেন। হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মুখ ধমেন্দ্র এর আগেও ২০১২ সালে পদ্ম ভূষণে ভূষিত হয়েছিলেন।
এ বছর পদ্ম ভূষণ পাচ্ছেন মালয়ালাম সিনেমার সুপারস্টার মাম্মুট্টি, প্লেব্যাক গায়িকা আলকা ইয়াগনিক এবং বিজ্ঞাপন জগতের খ্যাতিমান পেশাজীবী পীযূষ পান্ডে।
সরকারি তালিকা অনুযায়ী, মোট পাঁচজনকে পদ্ম বিভূষণ, ১৩ জনকে পদ্ম ভূষণ এবং ১১৩ জনকে পদ্ম শ্রী প্রদান করা হবে।
পদ্ম শ্রীপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অভিনেতা আর মাধবন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সতীশ শাহ, মুরলি মোহন ও রাজেন্দ্র প্রসাদ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পরে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই পুরস্কারগুলো প্রদান করবেন।
ধমেন্দ্রের মরণোত্তর সম্মানে প্রতিক্রিয়া জানিয়ে তাঁর স্ত্রী হেমা মালিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, দেশের সরকার তাঁর স্বামীর সিনেমায় অবদানের স্বীকৃতি দেওয়ায় তিনি গর্বিত।
মালয়ালাম সংবাদমাধ্যম মাথ্রুভূমি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাম্মুট্টি বলেন, এই স্বীকৃতি তাঁর জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত এবং দেশের পক্ষ থেকে পাওয়া সম্মানের চেয়ে বড় কিছু নেই।
অন্যদিকে, ইনস্টাগ্রামে এক পোস্টে আর মাধবন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি পদ্ম শ্রীকে সম্মান ও দায়িত্ব—দুটিই হিসেবে গ্রহণ করছেন।
‘হি-ম্যান’ নামে খ্যাত ধমেন্দ্রের জন্ম ১৯৩৫ সালে পাঞ্জাবের লুধিয়ানার এক গ্রামে। ১৯৫৮ সালে একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা জিতে তিনি চলচ্চিত্রে আসেন এবং ১৯৬০ সালে অভিষেকের পর দ্রুতই হিন্দি সিনেমার অন্যতম সফল নায়ক হয়ে ওঠেন।
ভারতীয় সিনেমার সবচেয়ে সম্মানিত অভিনেতাদের একজন হিসেবে পরিচিত মাম্মুট্টি অভিনয় করেছেন ৪০০টিরও বেশি ছবিতে। তিনি সেরা অভিনেতা হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন—এই রেকর্ডটি তিনি কামাল হাসান ও অজয় দেবগনের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
