৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, দ্রুত ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিভাগকে ইসির নির্দেশ
আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে দেশজুড়ে ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনী প্রস্তুতিতে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চূড়ান্ত করা ভোটকেন্দ্রগুলোর মধ্যে এখনো ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এসব কেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে ইসি।
রোববার বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়, সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ স্থাপন জরুরি।
চিঠিতে আরও জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে যেসব কেন্দ্রে এখনো বিদ্যুৎ সংযোগ নেই, সেগুলোতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন যেন কোনো ধরনের প্রযুক্তিগত বা প্রশাসনিক সমস্যা না হয়, সে জন্য আগাম সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
